চিরকুটে সুদ কারবারিদের নাম লিখে ট্রেনের নিচে ঝাঁপ

সুদ কারবারিদের কাছে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক বিপুল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার পকেট থেকে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট এলাকার রেললাইনে পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট ক্রস করার সময় হঠাৎ আবু বক্কর সিদ্দিক লাফ দেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আবু বক্কর সিদ্দিকের ভাগিনা রশিদুল ইসলাম বকুল বলেন, মামা সুদের ওপর ঋণ নিয়েছিলেন। তারা কিছুদিন থেকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহেদ গনি জানান, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার চাইলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
