ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে শোয়ার ঘর থেকে গোলাম রব্বানী লাবু (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সদর ইউনিয়নের কিশোরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাবুর সঙ্গে বুধবার তার পরিবারের সদস্যদের মনোমালিন্য হয়। বৃহস্পতিবার সকালে তার শোয়ার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঘরের দরজা ভেঙে চালের তীরের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত ও পা মাটিতে লেগে থাকা অবস্থায় দেখা যায়। এ দৃশ্য দেখে স্বজনেরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


