পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজনরা

সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। সাজ্জাদ মিয়া নামে ওই আসামি উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ির সামনে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।
জানা গেছে, সাজ্জাদ মিয়ার চাচা নুরুল ইসলামসহ বেশ কয়েকজন সাজ্জাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।
হেলাল উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ দুপুরে বিশেষ ক্ষমতা আইনের সিলেটের একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরান দিরাই থানার এসআই হেলাল মিয়া। বাড়ি থেকে বের হয়ে আসার সময় তার চাচা নুরুল ইসলামসহ বেশ কয়েকজন সাজ্জাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।
পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি এনে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়। এ ছাড়া ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার জন্য গ্রামে জরুরি বৈঠকে বসেন স্থানীয়রা। সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হুসেনপুর গ্রামে বৈঠক চলছিল, পুলিশ সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি।
জগদল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য লায়েক মিয়া বলেন, ‘শুনেছি সাজ্জাদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তার স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার পরোনাভুক্ত আসামি সাজ্জাদ মিয়াকে গ্রেপ্তারের পর তার স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছেন। হাতকড়া পুলিশের কাছে রয়েছে দাবি করে তিনি বলেন, ওই আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে।


