শ্রমিক আন্দোলনে ইটের আঘাতে বিকেএসপির শিক্ষার্থী আহত

সাভারের আশুলিয়ায় বিক্ষোভের মাঝে পড়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে নুরুজ্জামান সামি নামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে ওই ছাত্রের মাথা ফেটে যায়। পরবর্তীতে তাকে দ্রুত সাভারের নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সামি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ির গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পাইনশাইল গ্রামে।
এ বিষয়ে বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্বপন কুমার জানান, সকাল ১১টার দিকে স্কুল ছুটি হলে বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে ওই ছাত্রের মাথা ফেটে যায়। পরে তাকে নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে পরিবারের জিম্মায় বাসায় পাঠানো হয়েছে। এখন সে সুস্থ আছে।
এদিকে আহত শিক্ষার্থীর মা নুসরাত জাহান বলেন, আন্দোলন চলাকালে ইটের আঘাতে শিশুটির মাথা ফেটে যায়। তবে তার গায়ে বা শরীরে কোনো গুলির আঘাত বা গুলির কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে সে চিকিৎসকদের পরামর্শে বাসায় নিয়ে আসছি।
আহত শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানা এশিয়া পোস্টকে জানান, সোমবার সকালে যথাসময়ে স্কুলে যায় তার ছেলে সামি। সাড়ে ১১টার দিকে স্কুল ছুটি হয়, শ্রমিক অসন্তোষের কারণে তাদের স্কুলের ভেতর আটকে রাখা হয়েছিল। চাচা রফিকুল ইসলাম সামিকে সঙ্গে নিয়ে স্কুল থেকে বেরিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এসময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তার ছেলে নুরুজ্জামান সামি মাথায় গুরুতর আঘাত পায়।
তিনি আরও বলেন, পরে সামিকে উদ্ধার করে স্থানীয় নাসির উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সামির মাথার ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। সামি বর্তমানে শঙ্কামুক্ত আছে।
নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের হেল্প ডেস্কে থাকা বিথী আক্তার এশিয়া পোস্টকে জানান, শিশুটির মাথায় মারাত্মক জখম ছিল। চিকিৎসক তাকে দ্রুত চিকিৎসা প্রদান করেন ও মাথায় দুটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রিলিজ দেওয়া হয়েছে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল ইসলামের পরামর্শ অনুযায়ী তাকে রিলিজ দেওয়া হয়েছে।
