কুড়িগ্রামের উপজেলা বিএনপির সেই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সদ্যঘোষিত বিএনপির সেই আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বরং সরকারি চাকরিজীবীদের এ কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন দলের দুঃসময়ে যেসব নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন যাদের বিরুদ্ধে চাকরিজীবী হওয়া, চাটুকারিতা ও সুবিধাবাদী ভূমিকার অভিযোগ রয়েছে। ২০ সদস্যের কমিটির মধ্যেই ১২ জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের নেতৃত্বে রাখা হলে ত্যাগী নেতাকর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলে। এ ছাড়া স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ অক্টোবর রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদের যৌথ স্বাক্ষরে ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের এই নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ফুলবাড়ী উপজেলার রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুলকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক ও সাংবাদিক শাহীনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহিদুল হককে রাখা হয়েছে।
