logo
Advertisement

ইজিবাইক থেকে দুই কেজি আইস, অস্ত্র ও গুলি উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
ইজিবাইক থেকে দুই কেজি আইস, অস্ত্র ও গুলি উদ্ধার
উদ্ধার করা আইস, অস্ত্র ও গুলি। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের ফেলে পালিয়ে যাওয়া একটি ইজিবাইক থেকে প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় বন্দুক, একটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং বাজারসংলগ্ন এলাকা থেকে এই মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গুলির একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে একটি সন্দেহজনক ইজিবাইক আসতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি সড়কে ফেলে রেখে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া ইজিবাইকটির ছাদের ভেতরে লুকানো অবস্থায় একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি ম্যাগাজিন এবং ১৩টি গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া মাদক, অস্ত্র ও গুলির চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তরের পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।