কুড়িগ্রামে ভারতীয় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় জয়নাল নামে আরেক চিহ্নিত মাদক কারবারি পালিয়ে যায়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের সহায়তায় একটি অভিযান চালানো হয়। ওই অভিযানে জয়নাল নামের এক মাদক কারবারির কাছ থেকে ৪০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। তবে দুর্গম চরাঞ্চল ও যোগাযোগবিচ্ছিন্নতার সুযোগ নিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক জয়নালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একই দিন রাতে কচাকাটা থানার গাবতলা বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্বে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

