Advertisement

রাষ্ট্রপতি পদে সর্বজনবিদিত ব্যক্তি নিয়োগের আহ্বান জামায়াতের

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
রাষ্ট্রপতি পদে সর্বজনবিদিত ব্যক্তি নিয়োগের আহ্বান জামায়াতের
এহসানুল মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদে সর্বজনবিদিত ও দায়িত্বশীল ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া সেলের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (২৪ জুলাই) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুবায়ের বলেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক হলেও বর্তমান ব্যবস্থায় পদটির কার্যকর ভূমিকা বেশ সীমিত। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, রাষ্ট্রের সংকটময় মুহূর্তে দায়িত্বে থাকা কয়েকজন রাষ্ট্রপতি তাদের শপথ ও সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি। এমনকি জাতীয় দুর্যোগ ও গণহত্যার মতো ঘটনায়ও তাদের মধ্যে প্রত্যাশিত দায়িত্ববোধের ঘাটতি ছিল।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে এমন একজন ব্যক্তিকে বসানো উচিত, যিনি সর্বজনশ্রদ্ধেয়, সর্বজনগ্রাহ্য ও সর্বোচ্চ দায়িত্বশীল। আমরা আশা করি, সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দল এসব বিষয় বিবেচনায় নিয়ে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে।

এদিকে, শনিবার আলিয়া মাদ্রাসা ময়দানে ঐতিহ্যবাহী এ বিভাগীয় সমাবেশের আয়োজন করছে ১১ দলীয় জোট। সমাবেশ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জোটের নেতারা। রাজশাহী থেকে শুরু হওয়া এই বিভাগীয় সমাবেশ সিরিজের শেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে সিলেটে।

জামায়াতের এই শীর্ষ নেতা জানান, শনিবার বেলা ২টায় শুরু হতে যাওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া জাতীয় সনাতন পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।

জোটনেতারা জানান, গণভোট বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবি জোরদার করতে এই সমাবেশ থেকে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা ও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

বিষয় :সিলেট