বরিশালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বয়স চার মাস, অপরজনের বয়স ১৩ মাস। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন, যা নিয়ে বর্তমানে মোট চিকিৎসাধীন ১৬৩ জন। এদের মধ্যে বরিশালের বানারীপাড়া উপজেলার চার মাস বয়সি হুজাইফা ও বরগুনার তালতলী উপজেলার ১৩ মাস বয়সি আব্দুল্লাহ মারা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হামের চিকিৎসা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজখবর নিচ্ছি। বরিশাল বিভাগে হামের টিকার অভাব নেই। ক্যাম্পেইনেও টিকা দেওয়া হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।