logo

ঢামেকে চিকিৎসাধীন দুই বন্দির মৃত্যু

ঢামেকে চিকিৎসাধীন দুই বন্দির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের উদ্দিনের ছেলে সোহরাব হোসাইন এবং ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে আজিম উদ্দিন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বরে কারাগারে সোহরাব হোসাইনের (৫৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সোহরাব হোসাইন নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের উদ্দিনের ছেলে।

এ ছাড়া আজিম উদ্দিন রোববার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহরাব হোসাইন ও আজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম বলেন, তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।