ফরম পূরণের নামে টাকা আত্মসাৎ, কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ছয় এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের নামে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার বানাইল এলাকায় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে অনিয়মিত ভিত্তিতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফরম বোর্ডে পূরণ করে দেওয়ার কথা বলে তৌহিদুর রহমান সরকার তামিম, মাইনুর ইসলাম, অমিত হাসান, সাব্বির হোসেন, সম্রাট সরকার ও মোহাম্মদ হাসর নামের ছয় শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে চার হাজার ৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন সাব্বির হোসেন শাওন। পরে তিনি শিক্ষার্থীদের ১ জুলাই কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলেন। কিন্তু নির্ধারিত দিনে কলেজে গিয়ে শিক্ষার্থীরা সাব্বির হোসেন শাওনের কোনো খোঁজ পাননি। তাদের নামে কোনো প্রবেশপত্রও ইস্যু না হওয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনের (বাংলা প্রথম পত্র) পরীক্ষায় তারা অংশ নিতে পারেননি
এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে ওই ছয় শিক্ষার্থীকে ৪ জুলাই থেকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়।
মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সাব্বির হোসেন শাওনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ছয় শিক্ষার্থী এখন থেকে নিয়মিতভাবে বাকি সব পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রথম দিনের যে পরীক্ষা তারা দিতে পারেননি, সেটি পরে নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড সিদ্ধান্ত নেবে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, আটক সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।




