logo

গাজীপুরে জবাইকালে ৯ ঘোড়াসহ চারজন আটক

গাজীপুরে জবাইকালে ৯ ঘোড়াসহ চারজন আটক

গাজীপুরের কালিয়াকৈরে মাংস বিক্রির জন্য ৯টি ঘোড়া নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী থানায় খবর দিলে ঘোড়া জবাই ও ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করে পুলিশ। এ সময় ৯টি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে উপজেলার ফুলবাড়িয়া গজারি বন থেকে ঘোড়াসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন—উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোজাম্মেল হক মুন্না, কেরানীগঞ্জ থানার আবুল হোসেন, শ্রীপুর উপজেলার আশরাফুল ইসলাম ও টঙ্গী চেরাগআলী এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে ফুলবাড়িয়া এলাকায় গজারি বনের ভেতর ঘোড়াগুলো নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। এ সময় তাদের অনুসরণ করে বনে প্রবেশ করলে জবাই করা ঘোড়ার দেহের বিভিন্ন অংশ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জীবিত ৯টি ঘোড়াসহ জড়িতদের আটক করে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, অভিযানে ঘোড়া বহনকারী একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঈদ সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা করছে। এটি পুরোপুরি অবৈধ এবং আইনত অপরাধ।