logo

রাঙামাটিতে পাসের হার ৩৩ শতাংশ, শীর্ষে লেকার্স স্কুল অ্যান্ড কলেজ

রাঙামাটিতে পাসের হার ৩৩ শতাংশ, শীর্ষে লেকার্স স্কুল অ্যান্ড কলেজ
এইচএসসিতে ভালো ফল করায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক কৃতী শিক্ষার্থীকে মিষ্টিমুখ করাচ্ছেন প্রতিষ্ঠানের এক শিক্ষক। ছবি: এশিয়া পোস্ট

এইচএসসি পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ। জেলার সার্বিক ফলাফল হতাশাজনক হলেও তুলনামূলক ভালো ফল করেছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল জানার পর দুপুর থেকে রাঙামাটির বিভিন্ন কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার জেলার সার্বিক পাসের হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সন্তোষজনক ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। ফল জানার পর শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। শিক্ষকরাও তাদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।

ভালো ফল করা শিক্ষার্থীরা জানান, বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা তাদের এ সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে।

তবে জেলার সার্বিক ফলাফলে হতাশার চিত্র দেখা গেছে। শিক্ষক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত কয়েক বছরের তুলনায় এবার রাঙামাটির ফলাফল বেশ হতাশাজনক। জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল অত্যন্ত নাজুক। এর মধ্যে সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মো. শাহজালাল বলেন, নিয়ম-শৃঙ্খলার কারণে আমাদের কলেজের ফলাফল অন্য কলেজগুলোর তুলনায় ভালো হয়েছে। আগামীতে আরও ভালো ফল করার চেষ্টা করব।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট