logo

‘ভুয়া’ স্লোগান দেওয়ায় আমির হামজার কাছে শিক্ষার্থীদের দুঃখ প্রকাশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
‘ভুয়া’ স্লোগান দেওয়ায় আমির হামজার কাছে শিক্ষার্থীদের দুঃখ প্রকাশ
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এমপি আমির হামজা। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়া সরকারি কলেজে গাছ কাটাকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্র প্রতিনিধিরা। তবে এই ঘটনায় ছাত্রদলকে জড়িয়ে সংসদ সদস্যের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টকে অসত্য বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বক্তব্য দিতে গেলে শিক্ষার্থীরা গাছ কাটার প্রতিবাদে স্লোগান শুরু করেন। একপর্যায়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে ছাত্র প্রতিনিধিরা এমপির সঙ্গে সাক্ষাৎ করে জানান, ক্ষোভের মাথায় স্লোগান দিলেও এমপিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তাদের উদ্দেশ্য ছিল না। ‘ভুয়া’ স্লোগান দেওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করেন এবং গাছ কাটার বিচার দাবি করেন।

শিক্ষার্থীদের দুঃখ প্রকাশের পর এমপি আমির হামজা তাদের আশ্বস্ত করে বলেন, গাছ কাটার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসুক। আমরা সবাই সবুজায়ন চাই, প্রয়োজনে এখানে আরও প্রচুর গাছ লাগানো হবে।

তিনি দাবি করেন, বাইরের কিছু ছেলেপেলে এসে ঝামেলার চেষ্টা করেছিল।

ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়, ছাত্রদল নেতাকর্মীরা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বি বলেন, ‘সংসদ সদস্য সাহেব ছাত্রদলকে জড়িয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, তা সম্পূর্ণ সত্য নয়। মূলত সরকারি কলেজের গাছ কাটার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সেখানে কাউকে অবরুদ্ধ করার মতো কোনো ঘটনা ঘটেনি।’

তিনি স্পষ্ট করেন যে, এটি সাধারণ শিক্ষার্থীদের একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল এবং রাজনৈতিক রং চড়িয়ে মূল ইস্যু আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্টের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আমির হামজা বলেন, ‘আমার পেজ থেকে পোস্ট হবে কেন, মোবাইল তো আমার হাতেই।’

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমিন বলেন, এমপিকে অবরুদ্ধ করার কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা তাদের দাবি জানিয়ে দুঃখ প্রকাশ করায় বিষয়টি সমাধান হয়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারি কলেজের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমির হামজা বক্তব্য দিতে গেলে শিক্ষার্থীরা গাছ কাটার প্রতিবাদে ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং স্লোগান দেন। একপর্যায়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হলে সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।