দুই প্রার্থীর মধ্যে ভোট কেনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই শক্তিশালী প্রার্থী মো. নাছির চৌধুরী এবং মোহাম্মদ শিশির মনির। তারা পরস্পরের বিরুদ্ধে ভোটের মাঠে টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ধানের শীষের জোয়ার দেখে হতভম্ব হয়ে গেছে একটি চক্র। তারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এই চক্রটি রাতভর বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে। এর মধ্যে দিরাই উপজেলার ডাইয়ারগাঁওয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে বেঁচেছে এক দুষ্কৃতকারী। এক্ষেত্রে আমাদের স্পষ্ট নির্দেশনা হচ্ছে, কেউ টাকা দিয়ে ভোট কিনতে গেলে তাকে আটকে রাখুন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।
তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন ও হিন্দু-মুসলিমের সম্প্রীতি এবং মহান স্বাধীনতার চেতনাকে ধরে রাখার জন্য দিরাই শাল্লার মানুষ বাংলাদেশের পক্ষে ভোট দেবে।
এদিকে বুধবার দুপুরে এই আসনে জামায়াত ইসলামীর আলোচিত প্রার্থী আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গেল মঙ্গলবার রাতে ৭-৮টি এলাকায় হিন্দু জনগোষ্ঠীকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ ছাড়াও দিরাই উপজেলার চন্ডিপুর, তাড়ল, কুলঞ্জ, করিমপুর ইউনিয়নের ভরারগাঁওসহ বেশ কিছু এলাকায় ভোটারদের একাংশকে আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৫২ জন, ভোটকেন্দ্র রয়েছে ১১১টি। দুইটি উপজেলায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস খোকন (কাস্তে প্রতীক)।