ঝড়ে মহাসড়কে গাছ পড়ে দেড় ঘণ্টা বন্ধ যান চলাচল, তিন কিমি যানজট

কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে একটি গাছ ভেঙে পড়ে দেড় ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। এতে মহাসড়কের দুই লেনেই প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছটি অপসারণ করলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার পাড়কোলা এলাকায় এই ঘটনা ঘটে।
শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে কালবৈশাখী ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কের পাড়কোলা এলাকায় একটি বট গাছ মহাসড়কে ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সাড়ে ৭টা থেকে গাছটি অপসারণ কাজ শুরু করা হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর গাছটি অপসারণ করা হলে রাত ৯টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুরের পাড়কোলা এলাকায় একটি বট গাছ ভেঙে পড়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই লেনে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে ভেঙে পড়া গাছটি মহাসড়ক থেকে অপসারণ করেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।