২৪ ঘণ্টার খনার মেলায় গান-আলোচনায় লোকজ সংস্কৃতির চর্চা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে ২৪ ঘণ্টার জন্য বসেছে ‘খনার মেলা’। সোমবার (১৩ এপ্রিল) ভোরে মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষের সূর্যোদয়ের সময় ভোরের আবহে মেলার সমাপ্তি ঘটবে।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলায় গ্রামীণ সংস্কৃতি ও কৃষিজীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত খনার বচন তুলে ধরা হচ্ছে গান, আলোচনা ও নানা পরিবেশনার মাধ্যমে। পালাগান, গীত, বাউলসহ লোকায়ত সংগীতের বিভিন্ন ধারার পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছে। কৃষির নানা উপকরণের প্রদর্শনীও রাখা হয়েছে, যা গ্রামীণ জীবনের সঙ্গে মেলার সংযোগকে আরও দৃঢ় করেছে।
‘কুল এক্সপোজারের’ সহযোগিতায় ‘মঙ্গলঘর পরিসর’ আয়োজিত এই মেলা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনের শুরু থেকেই গানে গানে এবং আলোচনায় খনার বচনের তাৎপর্য তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
আয়োজকেরা জানান, পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গণে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব আয়োজন নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ ধারা হিসেবে খনার বচন বাংলার গ্রামীণ জীবনে দীর্ঘদিন ধরে প্রভাব ফেলে এসেছে। কৃষিকাজ, ঋতুচক্র, সামাজিক বিশ্বাস ও দৈনন্দিন জীবনের নানা দিক নিয়ে রচিত এসব বচনের মধ্য দিয়ে লোকায়ত বাংলার জীবনচিত্র স্পষ্ট হয়ে ওঠে।