কমানো হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি

এলএলবি পরীক্ষার পূর্ব নির্ধারিত ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে তাত্ত্বিক পত্রপ্রতি ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্ততিতে বিষয়টি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ।
বিজ্ঞপ্ততিতে বলা হয়েছে, এলএলবি পরীক্ষার ফি সংক্রান্ত পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং এর কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা রাখা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্ততিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না। পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ems.nu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য যাচাই করে দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।


