Advertisement

বরিশাল থেকে চুরি যাওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
বরিশাল থেকে চুরি যাওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার
উদ্ধার করা মোটরসাইকেল। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল থেকে চুরি যাওয়া একটি ইয়ামাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে উপজেলার পাটগাতী এলাকার একটি নির্জন স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বরিশালের বাসিন্দা মো. আরিফ মোটরসাইকেল চুরির ঘটনায় বাদী হয়ে গত ২৭ জুলাই বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করেন। মামলায় বরিশালের বন্দর থানার বাসিন্দা মো. রানা শরীফসহ চারজনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে টুঙ্গিপাড়ার পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে বৃহস্পতিবার মধ্যরাতে একটি নির্জন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, মোটরসাইকেলটি গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে চুরি হয়। চুরির পর এটি কীভাবে টুঙ্গিপাড়ায় পৌঁছাল, কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি মালিক মো. আরিফের কাছে হস্তান্তর করা হয়েছে।