logo

নোয়াখালীতে ঝড়ে গাছ উপড়ে রেললাইনে, ২ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

নোয়াখালীতে ঝড়ে গাছ উপড়ে রেললাইনে, ২ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

নোয়াখালীতে মধ্যরাতের ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ভোর থেকে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে মাইজদী কোর্ট স্টেশনে আটকা পড়ে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। পরে গাছ অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হয়। তীব্র ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে, যার কিছু অংশ রেললাইনের ওপর গিয়ে পড়ে।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস পথিমধ্যে হরিনারায়ণপুর এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা গাছের কারণে বাধার মুখে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি সরিয়ে ট্রেনটিকে মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছাতে সহায়তা করেন। তবে মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর পর আবারও সামনে গাছ পড়ে থাকার কারণে ট্রেনটি সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত সেখানে আটকে থাকে। পরে বসিরার দোকান ইমামবাজার এলাকার রেললাইন থেকে গাছ অপসারণের পর ট্রেনটি চৌমুহনীর উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনটির চালক রফিকুল ইসলাম বলেন, ‘চৌমুহনী পর্যন্ত যেতে পারলেও পথে আরও কয়েক জায়গায় গাছ পড়ে থাকার খবর আছে। তাই কখন গন্তব্যে পৌঁছানো যাবে, তা নিশ্চিত নয়।’

এদিকে দীর্ঘ বিলম্বে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। অনেক যাত্রী অপেক্ষা না করে বিকল্প পরিবহন বেছে নেন। ফলে একপর্যায়ে ট্রেনটি প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে। তবে কিছু যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর আশায় ট্রেনেই অপেক্ষা করতে দেখা যায়।

এ বিষয়ে নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আসাদুজ্জামান বলেন, ‘ভোর থেকে রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে গাছ অপসারণের কাজ করছেন। কিছু জায়গায় এখনও কাজ চলছে। আশা করছি, দ্রুতই রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’