logo

হোটেলকর্মীদের ডেকে স্ত্রী বললেন, ‘আমার স্বামীকে মেরে ফেলেছি’

হোটেলকর্মীদের ডেকে স্ত্রী বললেন, ‘আমার স্বামীকে মেরে ফেলেছি’
গ্রেপ্তার আসামি ফাতেমা। ছবি: এশিয়া পোস্ট

খুলনা নগরীর একটি হোটেল কক্ষে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছেন স্ত্রী। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ফাতেমাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা থানাধীন খানজাহান আলী রোডের হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০নং কক্ষ থেকে বাবুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল রানা বাবু লোকমানের ছেলে এবং তার মা মৃত ফিরোজা বেগম। তার বাড়ি নগরীর লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকায়। ফাতেমা ও বাবু স্বামী-স্ত্রী পরিচয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে হোটেলটিতে ওঠেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের একপর্যায়ে এ ঘটনা ঘটে। হোটেল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি থেকে বাবুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ফাতেমাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

হোটেল ম্যানেজার বলেন, রাত আড়াইটার দিকে ফাতেমা হোটেলের স্টাফদের কাছে এসে মালিককে ফোন দিতে বলেন। একপর্যায়ে তিনি বলেন আমার স্বামীকে মেরে ফেলেছি। পরে হোটেলকর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখেন। হোটেল কর্তৃপক্ষ রাত ৩টা ৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে থানায় নিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা হোটেলের ওই কক্ষে প্রবেশ করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেল থেকে একটি লাশ উদ্ধার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন।