গাজীপুরে প্রবাসীকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

গাজীপুরের কালীগঞ্জে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদ করায় জয়নাল আবেদিন নামে এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আব্দুল হাই এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আশরাফুল ইসলাম, ফয়সাল ও নূর আক্তার। রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি আহমদ আলী কারাগারে চিকিৎসাধীন মৃত্যুবরণ করায় তাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালে গাজীপুরের কালীগঞ্জের আজমতপুর মোড়লবাড়ী জামে মসজিদের তৎকালীন ইমামকে মারধর করে কয়েকজন যুবক। ইতালি প্রবাসী জয়নাল আবেদিন এ অন্যায়ের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা একই দিনে জয়নালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা বলেন, দীর্ঘদিন আদালত তথ্যপ্রমাণ যাচাই-বাছাই করে এ রায় দিয়েছেন। আমার ছেলের হত্যাকাণ্ডের ন্যায়বিচারে আমি সন্তুষ্ট।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তফা কামাল খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত প্রবাসী জয়নাল হত্যা মামলার রায় দিয়েছেন। মূল আসামি আগেই মারা যাওয়ায় এবং অন্য তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।


