খাটে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ, ঘরে ছড়িয়ে-ছিটিয়ে মালামাল

পিরোজপুরের কাউখালী উপজেলায় বসতঘর থেকে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বসতঘরের খাটে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। এ সময় ঘরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মালামাল।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেসমিন বেগম নামে ওই নারীর স্বামী কেরামত আলীর পুলিশে চাকরি করতেন। তিনি অবসরে যাওয়ার পর মারা গেছেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে সে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে। ঘরের ভেতরে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও এলোমেলো অবস্থায় ছিল।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আইনি ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
