চাঁদপুরে ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রায় ৪০টি গ্রামে ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান জামাত। এতে ইমামতি করেন দরবার শরিফের পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী জানান, কোনো নির্দিষ্ট দেশের অনুসরণ নয়, বরং শরিয়তের বিধান অনুযায়ী পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতেই তারা ধর্মীয় রীতি পালন করে থাকেন।
স্থানীয়রা জানান, পৃথিবীর যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালনের এই রীতি অনুসরণ করে জেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ আগাম ঈদ উদযাপন করেছেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
জানা যায়, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা মাওলানা ইছহাক চৌধুরী এই পদ্ধতিতে রোজা ও ঈদ পালনের প্রচলন শুরু করেন। পরবর্তীতে তার অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় এ রীতি অনুসরণ করে আসছেন। বর্তমানে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উপজেলার ৪০টি গ্রামে এই ধারাবাহিকতা বজায় রয়েছে।
ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুরসহ বেশ কয়েকটি গ্রাম।