logo

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘরে মিলল ১১ ককটেল

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ঘরে মিলল ১১ ককটেল
দ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয়করণের জন্য বালতিতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ককটেলগুলো হেফাজতে নেওয়ার সময় একটির বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডসংলগ্ন জামতলা চৌধুরী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল রামচন্দ্রপুর ডাইলপাড়া গ্রামের মৃত শাজাহানের ছেলে মো. জাহাঙ্গীরের (৫০) পরিত্যক্ত নির্মাণাধীন একটি ঘরে অভিযান চালায়। ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা একটি কালো প্লাস্টিকের বালতি থেকে লাল ও কালো স্কচটেপে পেঁচানো ৫টি (৪টি লাল ও ১টি কালো) অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে ককটেলগুলো হেফাজতে নেওয়ার সময় দুর্ঘটনাবশত ১টি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ঘটনার পর পুলিশ পুরো এলাকায় তল্লাশি জোরদার করে। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে একই স্থান থেকে মাটির নিচে পুঁতে রাখা আরেকটি লাল রঙের প্লাস্টিকের বালতি থেকে আরও ৭টি (৬টি লাল ও ১টি কালো স্কচটেপ পেঁচানো) অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া ককটেলগুলো নিরাপদে হেফাজতে রাখা হয়েছে। কী উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করা হয়েছিল তা উদ্‌ঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।