সাগরে ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার

কক্সবাজারের কুতু্বদিয়া উপকূলবর্তী সাগরে ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (১ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গত সোমবার (৩০ মার্চ) সকালে ৪ শ্রমিক কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাংকরেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ ‘মেঘনা হোপ’ এ কাজের উদ্দেশ্যে যাত্রা। পর দিন মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে কাজ শেষে ওই শ্রমিকরা ড্যানিশ বোটযোগে চট্টগ্রাম ফেরার পথে কুতুবদিয়া অ্যাংকরেজ এলাকায় ডাকাতের কবলে পড়েন। এ সময় এমবি লিউ পার্ট-২ এর একজন ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চাইলে ঘটনাটি কোস্ট গার্ড অবহিত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ডাকাতের কবলে পড়া ড্যানিশ বোটটি থেকে ৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।