logo

আমবোঝাই ট্রাকে মিলল ৩৭৭ বোতল ফেয়ারডিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
আমবোঝাই ট্রাকে মিলল ৩৭৭ বোতল ফেয়ারডিল
ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের আড়ালে অভিনব কৌশলে পাচারকালে নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে র‍্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব-১১ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) সকালে র‍্যাব-১১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি ট্রাকে করে বড় ধরনের মাদকের চালান নারায়ণগঞ্জের দিকে আনা হচ্ছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকার রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। একপর্যায়ে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় সরবরাহ এবং বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

র‍্যাব-১১ আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে মাদক উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। আটক আসামি ও উদ্ধারকৃত আলামত-পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।