জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কৃষক দল নেতা

জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের পর মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬) নামে এক কৃষক দল নেতাকে দলীয় দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা কৃষক দলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত মতিউর রহমান তারা তালুকদার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মতিউর রহমান তারা তালুকদারকে ইউনিয়ন কৃষক দলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখাসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে, রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল এলাকায় মতিউর রহমান তারার নিজ বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি-২। এ সময় তার বসতবাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বহিষ্কারের বিষয়ে মেলান্দহ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজামাল বলেন, সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কাজে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল অভিযানটি পরিচালনা করে। গতকাল আটকের পর আজ মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



