সাতক্ষীরার সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মাদক জব্দ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে এক কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর শাখরা বিওপির সদস্যরা গত ১ ও ৩ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ভারতীয় MARTINI DRUGS (২০০ মিলিলিটার) পাঁচ বোতল উদ্ধার করা হয়। হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত এসব বোতলের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে গত ৩ নভেম্বর কুলিয়া রোডের ঋষিপাড়া এলাকার একটি বড় বাগানে অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা। দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা।
বিজিবি আরও জানিয়েছে, পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার মাধ্যমে উদ্ধার করা দ্রব্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রথম অভিযানে নায়েব সুবেদার মুন্সি আনোয়ারুজ্জামান পিবিজিএমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। দ্বিতীয় অভিযানে বিজিবির অন্য একটি দল অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।