Advertisement

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ। ছবি: এশিয়া পোস্ট

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার খবরে আনন্দে ভাসছে তার নিজ জেলা ঠাকুরগাঁও। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

স্থানীয়দের ভাষ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু একজন দলীয় নেতা নন—তিনি একজন আপাদমস্তক স্পষ্টভাষী রাজনীতিবিদ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে উঠে আসা এক বর্ষীয়ান জননেতা। তার মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির প্রতি গভীর কৃতজ্ঞতা।

জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন আপাদমস্তক পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা নেতা। তার মতো ত্যাগী ও অভিজ্ঞ মানুষকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় আমরা দলের হাইকমান্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

জেলা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ঠাকুরগাঁওয়ের অহংকার। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। তাকে এই মর্যাদাপূর্ণ পদের জন্য বেছে নেওয়ায় আমরা ভীষণ আনন্দিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, রাজনীতির দীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দিয়ে জাতীয় পর্যায়ে অনন্য উচ্চতা তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের সুসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা জেলার মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত এবং শহরের মোড়ে মোড়ে সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক অনুভূতি প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল সাহেব নিজেও একসময় শিক্ষক ছিলেন। আজ তিনি দেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এটি পুরো শিক্ষক সমাজের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। আমি মনে করি, দলটি একজন সঠিক ও যোগ্য মানুষকে এই পদের জন্য মনোনীত করেছে।

স্থানীয় ব্যবসায়ী আকাশ আলী বলেন, ফখরুল সাহেব রাজনীতির জন্য ও দলের জন্য নিবেদিতপ্রাণ। এই সম্মান তার বহু আগেই প্রাপ্য ছিল। সব ধরনের প্রতিকূলতার মধ্যেও রাজনীতিতে টিকে থাকা এবং দেশকে নেতৃত্ব দেওয়ার বিরল দক্ষতার কারণেই তাকে রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমরা সাধারণ ব্যবসায়ীরাও ভীষণ আনন্দিত।