logo
Advertisement

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু
পুকুরপাড়ে পড়ে আছে মৃত শিশুদের স্যান্ডেল। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

চার শিশুর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায়। তারা স্থানীয় বিভিন্ন স্কুল, মাদ্রাসায় বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে চার শিশুকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হয়, শিশুরা হয়তো পুকুরে পড়ে গেছে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের মধ্যে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন এশিয়া পোস্টকে জানান, শিশুদের পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।