টানা বৃষ্টিতে দুর্ভোগে পিরোজপুরের জনজীবন

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
টানা বৃষ্টিতে দুর্ভোগে পিরোজপুরের জনজীবন
ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগার কমে যাওয়ায় তারা তীব্র সংকটের মুখে পড়েছেন। একই সঙ্গে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি, সবজিখেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, থেমে থেমে বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের রাস্তা, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমে বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। গত আট থেকে নয় দিনের টানা বর্ষণে জেলার খাল-বিল ও নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।

পিরোজপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মোবারক ফকির বলেন, আমার চার সদস্যের পরিবার। একাই উপার্জন করি। বৃষ্টির কারণে প্রতিদিন ৩০০-৪০০ টাকার বেশি আয় হয় না। মানুষ কম বের হওয়ায় ভাড়াও কম। এভাবে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। এই বন্যায় সরকারের সহযোগিতা কামনা করি।

শহরের মাছিমপুর এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী জাবের আলী বলেন, টানা বৃষ্টিতে কৃষি শ্রমিকেরা কাজ করতে পারছেন না, রিকশাচালকদের আয় কমে গেছে। অনেক জায়গায় বীজতলা নষ্ট হচ্ছে। বন্যায় অফিস-আদালতে জনবল কম থাকায় অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ যদি সরকারি সহায়তা পায়, তাহলে তারা কিছুটা স্বস্তি পাবে।

চাকরিজীবী তানজীদ হাসান শাওন বলেন, গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিতে নদীর পানির স্রোত বেড়েছে। অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, দীর্ঘ ৭-৮ দিন টানা বর্ষণের ফলে মানুষের জীবনযাপন ব্যাহত হচ্ছে। কৃষিজমিতে পানি জমে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে এবং মাছের খামারে পানি বেড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্ন আয়ের মানুষগুলো। ফসলের জন্য বৃষ্টি প্রয়োজন, কিন্তু অতিমাত্রার বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। আমরা ছাত্রদল সব সময় যেকোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াব।

এ বিষয়ে পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, বর্তমান বৃষ্টিপাত আমন ধান চাষের জন্য উপকারী। তবে যেসব নিচু জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকবে, সেখানে সবজি, বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের জমিতে যেন পানি দীর্ঘ সময় আটকে না থাকে, সেজন্য দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এছাড়া মাছের ঘের ও পুকুরের বাঁধ নিয়মিত পর্যবেক্ষণে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি বিভাগ মাঠপর্যায়ে কাজ করছে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পিরোজপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বিষয় :পিরোজপুর