Advertisement

ট্রাকচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
ট্রাকচালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২
ছবি : এশিয়া পোস্ট

নরসিংদীর মাধবদীতে ট্রাকচালকের মাথায় বিদেশি পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন—মাধবদী থানার পাঁচভাগ শ্রীনগর এলাকার মৃত মিজানের ছেলে শুভ (২২) এবং একই এলাকার হালিম মিয়ার ছেলে ফাহিম (২৬)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গভীর রাতে তিন সদস্যের এক ছিনতাইকারী দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং তার কাছে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) আবু ইউসুফের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

পরবর্তী সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি (৭.৬২ মিমি) এবং ছিনতাই হওয়া নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইন এবং দণ্ডবিধিতে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্রের অপর সদস্যকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :নরসিংদী