কুমিল্লায় প্রথমবার ঈদের জামাতে অংশ নেবেন নারীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রথমবারের মতো কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে নারীদের জন্য পৃথক জামাতের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জিমনেশিয়াম ভবনে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঈদের জামাত হবে সকাল ৮টায়।
কুমিল্লা ঈদগাহ কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নারীদের নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ঈদের নামাজ আদায়ের সুযোগ করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা মাঠের পরিবর্তে জিমনেশিয়াম ভবনে পৃথক ব্যবস্থার মাধ্যমে নারীরা নির্বিঘ্নে জামাতে অংশ নিতে পারবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীর বিভিন্ন বড় মসজিদ ও স্থানীয় ঈদগাহেও নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে এসব স্থানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন নগরীর অনেক নারী মুসল্লি। রেহানা ইসলাম লাকি নামে এক নারী বলেন, আমি ১৮ বছর ধরে কুমিল্লায় থাকি, কিন্তু কখনও কুমিল্লায় ঈদ করিনি। এবার কুমিল্লায় ঈদ করব এবং ঈদের জামাতে অংশ গ্রহণ করব।
মাশুরুবা আহাদি নামে আরেক নারী বলেন, নারীদের ঈদের নামাজ নিয়ে ইসলামে ভিন্নমত রয়েছে। নবীজি (সা.) নারীদের ঈদগাহে যাওয়ার অনুমতি দিয়েছেন, যাতে তারা ঈদের আনন্দ ও দোয়ার অংশ হতে পারেন।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। নারী-পুরুষ সবাই যেন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এবার ঈদের প্রধান জামাতে অংশ নেবেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি নিজ শহরে ঈদ উদযাপন করবেন। নামাজ শেষে তিনি নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মু. রেজা হাসান কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন।





