উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান উত্তেজনার মধ্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখেই ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে আজ সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছাড়ার আলটিমেটাম দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় ফটকে তালা দিয়েছেন অন্দোলনকারীরা।
এ ছাড়া সোমবার দুপুর ১২টার পর উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন।
অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগের পর গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে আন্দোলনের কারণে এত দিন তিনি সরাসরি ক্যাম্পাসে যেতে পারেননি।
এর মধ্যে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কারণে চুয়েট ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।