logo

দৌলতপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দৌলতপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গ্রেপ্তার শরিফুদ্দিন রিমন। ছবি: এশিয়া পোস্ট

নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা করা হয়। সেই মামলায় শরিফুদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্তকারী কর্মকর্তার তথ্যমতে, গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রাগপুর বাজারে একটি অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। গ্রেপ্তার শরিফুদ্দিন রিমন সেই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। অবশেষে কুষ্টিয়া শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, নাশকতার একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।