তাঁতী দলের নেতাকে কুপিয়ে খুন

খুলনা মহানগরীতে সোনা মিয়া নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, সোনা মিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান চায়ের দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারীদের মধ্যে দুইজন মাস্ক পরা ছিলেন এবংএকজন হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, রাতে দোকানের মধ্যে ঢুকে সোনা মিয়া নামে তাঁতী দল নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় আমরা কয়েকটি ক্লু পেয়েছি। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।