প্রেস ক্লাবে হামলা: ১৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্ত দুই আসামি

খুলনা প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের আদালতে উত্থাপন করা হলে বিকেল ৩টায় খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালত তাদের জামিন দেন।
এর আগে সোমবার রাত ১টায় খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জামিনপ্রাপ্ত দুজন হলেন, দক্ষিণ নিরালা ১০নং রোডের বাসিন্দা বাবুল গাজী ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা মো. সবুজ।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পর প্রেস ক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের দুজনকে দেখা যায়। অন্য আসামির সঙ্গে তারা দুজন পলাতক ছিলেন।
রবিবার খুলনা প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।


