ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে হিজল গাছ

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে হিজল গাছ
মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে হিজল গাছ। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে সারি সারি হিজল গাছের অপরূপ সৌন্দর্য পথচারী ও যাত্রীদের মনে এনে দিচ্ছে নির্মল প্রশান্তি। ঋতু বদলের সঙ্গে সঙ্গে পাতা, ফুল ও সবুজের নানা রূপে সেজে থাকা এই গাছগুলো বারো মাসই মহাসড়কের সৌন্দর্য বাড়িয়ে চলেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বাসস্ট্যান্ডের সামনে থেকে মেম্বারবাড়ী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে এই হিজল গাছের অপরূপ সৌন্দর্য চোখ কাড়ছে। সারি সারি হিজলের প্রতিটি গাছেই ঝুলছে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর সুদীর্ঘ লাল-গোলাপি রঙের ফুল। ফুলগুলো মাটিতে ঝরে পড়ায় মনে হয় যেন মহাসড়কের চারপাশও সেজেছে রঙিন সাজে। এছাড়া ঘনপল্লবিত সতেজ সারি সারি গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই হিজলের এই মুগ্ধতা উপভোগ করতে পথচারী ও প্রকৃতিপ্রেমীরা ভিড় করছেন মহাসড়কের পাশে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডার (সড়ক বিভাজক) ও পাশের বিভিন্ন প্রজাতির গাছ ফুলে-ফলে ভরে ওঠে। তবে হিজল গাছের সৌন্দর্য অন্য সব গাছের তুলনায় একেবারেই আলাদা। প্রকৃতি থেকে বিলুপ্তপ্রায় এই হিজল গাছের ঝুলন্ত লম্বা ফুল ও ঘন সবুজ পাতায় ঘেরা রূপ মহাসড়কে এক অনাবিল শান্তি ও বাড়তি সৌন্দর্য যোগ করেছে।

পথচারী শাহাদাত হোসেন বলেন, একসময় দেশে হিজল গাছ প্রচুর দেখা যেত। আজকাল সচরাচর তেমন একটা চোখেই পড়ে না। বর্ষা মৌসুমে হিজল গাছে ফুটে ওঠা লালচে-গোলাপি ফুল যে কাউকে মুগ্ধ করবে। মহাসড়কে এতগুলো হিজল গাছ একসঙ্গে থাকা সড়কটির সৌন্দর্যকে এক নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, প্রকৃতিতে হিজল গাছের গুরুত্ব অপরিসীম। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করে। শুধু মহাসড়ক নয়; সরকারি বা বেসরকারিভাবে যেখানেই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে, সেখানেই নির্দিষ্ট একটা অংশে এই হিজল গাছ রোপণ করা প্রয়োজন। এতে প্রকৃতিতে হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফিরে আসবে।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) গাজীপুরের প্রকৌশলী কে এম শরিফুল আলম জানান, সড়ক ও মহাসড়কের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ একটি চলমান প্রক্রিয়া। সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের যে মহতি উদ্যোগ নিয়েছে, তা তারা মাঠপর্যায়ে বাস্তবায়ন করার জন্য নিরলস চেষ্টা করছেন। যেহেতু প্রকৃতি থেকে হিজল গাছ প্রায় বিলুপ্তির পথে, তাই সামনে নতুন প্রকল্পগুলোতে এ বিষয়টি মাথায় রেখেই কাজ করবেন বলে আশ্বস্ত করেন তিনি।

বিষয় :গাজীপুর