বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৬ ডিবি সদস্য

বরগুনায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ছয় সদস্য হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে এই ঘটনা ঘটে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বুধবার জানান, থানা থেকে পুলিশ গিয়ে ডিবি সদস্যদের উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।
আহত ডিবি সদস্যরা হলেন, কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আব্দুল্লাহ, সবুজ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অনিক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর রাতে জাকিরতবক গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ সদস্য লিটন ফরাজীর বাড়িতে অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। এতে ওই পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ হন তার বাবা আব্দুর রশিদ ফরাজী ও ভাই রাব্বি ফরাজী। পরে ঘটনার চার দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান রশিদ ফরাজী। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়।
এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেপ্তার করতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়।
বরগুনা ডিবির ওসি মো. আনোয়ার হোসেন জানান, জহিরুল মাদক কারবার ও ডাকাতির সঙ্গেও জড়িত বলে তথ্য রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
