বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর ও দহগ্রাম সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কঠোর প্রতিবাদের মুখে তারা বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, পাটগ্রামের তিনবিঘা করিডোর ও দহগ্রাম এলাকায় জমি পরিমাপ শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত-সংলগ্ন এলাকায় যে কোনো স্থাপনা বা কাঁটাতারের বেড়া নির্মাণের আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করতে হয়। তবে বিএসএফ তা করেনি। একতরফাভাবে জমি মেপে কাঁটাতারের বেড়া দেওয়ার অংশ হিসেবে বাঁশের খুঁটি স্থাপন শুরু করে।
বিষয়টি জানতে পেরে বিজিবির একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়। এই ঘটনা কেন্দ্র করে তিনবিঘা করিডোর এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ওই সীমান্তে বিজিবির পাশাপাশি বিএসএফ টহল জোরদার করেছে।
রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি নিরসনে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।



