গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগাছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৭) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দুর্ঘটনার পর নিহত দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



