গাইবান্ধায় মোবাইল চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে সাইফুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাইফুল মোল্লাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সাইফুল মোল্লা গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের গফুর আলী মোল্লার ছেলে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, মোবাইল চুরির অভিযোগে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। তবে যারা তাকে মারধর করেছে, তারা ঘটনাস্থল থেকে চলে গেছে।