logo

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, চট্টগ্রাম থেকে স্বামীসহ গ্রেপ্তার ৩

গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, চট্টগ্রাম থেকে স্বামীসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তার সোহাগ। ছবি: সংগৃহীত

‎ভোলা সদর উপজেলায় সুমাইয়া আক্তার মিতু নামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামীসহ তিনজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৬ জুন) রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

‎বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর মো. রওনক জাহান সরকার।

গ্রেপ্তাররা হলেন, মিতুর স্বামী সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং ননদ মুক্তা আক্তার। তারা মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, গত ৫ জুন রাতে ভোলা সদর মডেল থানায় মিতুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়। মামলায় চারজনের নাম উল্লেখ এবং আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

‎ঘটনার পর র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

‎

মেজর মো. রওনক জাহান সরকার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।