সাজেক যাতায়াতে সাফারি-জিপের ভাড়া বাড়ল

খাগড়াছড়ি থেকে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাতায়াতে সাফারি, জিপ ও পিকআপের নির্ধারিত ভাড়া গাড়িপ্রতি ৫০০ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার ভাড়াও ২০০ টাকা বাড়ানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বর্ধিত এ ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
খাগড়াছড়ির সাজেক কাউন্টারে দায়িত্বে থাকা মো. আরিফ ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। ২৫ সেপ্টেম্বর সকাল থেকে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটকবাহী সব গাড়ি নতুন ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রী পরিবহন করবে।
সাজেক জিপ গাড়ি মালিক সমিতি সূত্রে জানা গেছে, বর্তমান বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি যৌথ বৈঠকের মাধ্যমে ভাড়া সমন্বয় করেছে।
চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটকবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রথম দফায় গাড়িভাড়া ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে একই দিন বিকেলে ফিরে আসার ক্ষেত্রে একটি গাড়ির রিজার্ভ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত সাজেকে অবস্থানসহ যাতায়াত ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া এক রাত সাজেক ভ্যালিতে অবস্থান ও নির্ধারিত বিভিন্ন স্থানীয় স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। দুই রাত অবস্থানের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত অবস্থানসহ সব পর্যটন স্পট ঘুরে দেখার পূর্ণাঙ্গ প্যাকেজ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।
অন্যদিকে, খাগড়াছড়ি শহরের আশপাশের বিনোদনকেন্দ্র-দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝরনা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফেরার জন্য গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা এবং পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেক পরিদর্শনের ভাড়া ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তজেলা পর্যটন রুটের মধ্যে খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাতায়াত ভাড়া ৮ হাজার ৫০০ টাকা এবং রাত্রিযাপনের ক্ষেত্রে অতিরিক্ত ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। খাগড়াছড়ি থেকে বান্দরবান যাতায়াত ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং রাত্রিযাপনের ক্ষেত্রে অতিরিক্ত ৩ হাজার টাকা দিতে হবে।
মালিক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত প্রতিটি ভাড়া পুরো একটি রিজার্ভ গাড়ির জন্য প্রযোজ্য। একটি গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া সাজেকে জনপ্রতি ২০ টাকা প্রবেশ ফি এবং গাড়িপ্রতি ১০০ টাকা স্থানীয় আনুষঙ্গিক ফি পর্যটকদের আলাদাভাবে বহন করতে হবে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশের আকাশচুম্বী দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই সব মালিক সমিতির যৌথ সম্মতিক্রমে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকেরা জানান, বর্তমান বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। ভাড়ার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যটন স্পটগুলোতে যাতায়াত সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
