logo

মাদারীপুরে কসাইয়ের বাড়িতে মিলল ১ হাজার ২৫ কেজি পচা হাঁসের মাংস

মাদারীপুরে কসাইয়ের বাড়িতে মিলল ১ হাজার ২৫ কেজি পচা হাঁসের মাংস
মাদারীপুরের রাজৈরে কসাইয়ের বাড়িতে এক হাজার ২৫ কেজি পচা হাঁসের মাংস উদ্ধার। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের রাজৈরে কসাইয়ের বাড়িতে এক হাজার ২৫ কেজি পচা হাঁসের মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কসাই বাবু শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন নেছা।

জানা গেছে, বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকার কসাই বাবু শেখের বাড়িতে দীর্ঘদিন ধরে খোলা স্থানে বিপুল পরিমাণ পচা হাঁসের মাংস সংরক্ষণ করে রাখা হয়েছিল। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি থেকে ১ হাজার ২৫ কেজি পচা হাঁসের মাংস জব্দ করা হয়। পরে পরিবেশ দূষণের দায়ে বাবু শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দ করা পচা মাংস জনবসতি থেকে দূরে ফাঁকা স্থানে নিয়ে চুন ও ব্লিচিং পাউডার ছিটিয়ে মাটিচাপা দেওয়া হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা জানান, পচা মাংস খোলা স্থানে সংরক্ষণ করায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযান চালিয়ে মাংসগুলো জব্দ ও ধ্বংস করা হয়েছে।

অভিযানে স্যানিটারি কর্মকর্তা নুরুজ্জামানসহ পুলিশ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।