logo

পরিদর্শনে এসে মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিনজনকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

পরিদর্শনে এসে মুন্সীগঞ্জে সিভিল সার্জনসহ তিনজনকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসে অনিয়ম ও বিভিন্ন অভিযোগে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমান।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, চিকিৎসা সরঞ্জাম ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহার করা হয়।

এ ছাড়া কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

গত ১১ মার্চ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ গ্রহণের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে তিনি দুই সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার প্রত্যাহারের দাবি জানান।

সম্প্রতি এই পদক্ষেপে মুন্সীগঞ্জের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।