দেশসেরা উৎপাদনের স্বীকৃতি পেল শ্রীগোবিন্দপুর চা বাগান

জাতীয় চা পুরস্কার-২০২৬ এর জন্য একরপ্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগান।
জাতীয় চা দিবস উপলক্ষে শনিবার (২১ জুন) শ্রীমঙ্গলে আয়োজিত আলোচনা সভা ও জাতীয় চা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘জাতীয় চা পুরস্কার নীতিমালা-২০২২’ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হচ্ছে।
পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রীগোবিন্দপুর চা বাগানের মালিক শিল্পপতি মো. মহসিন মিয়া মধু। তিনি বলেন, বাগানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা এবং পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মানকে দেখছেন।
তিনি আরও বলেন, শ্রীগোবিন্দপুর চা বাগানে গুণগত মানসম্পন্ন চা উৎপাদনের পাশাপাশি শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বাগানে উৎপাদিত চায়ের মান ভালো হওয়ায় নিলামে নিয়মিত চাহিদা রয়েছে।
মহসিন মিয়া মধু বলেন, দীর্ঘদিন ধরে দেশের চা শিল্পে অবদান রাখার পরও প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। জাতীয় চা পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় তিনি বাংলাদেশ চা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, দেশের অর্থনীতি ও চা শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর জাতীয় চা দিবস উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়।



