logo

গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আ.লীগের মশাল মিছিল

গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আ.লীগের মশাল মিছিল
লকডাউন ঘিরে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আ.লীগের মশাল মিছিল। ছবি: এশিয়া পোস্ট

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর গোপালগঞ্জের পাঁচ উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, গোপালগঞ্জ শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন লঞ্চঘাট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। সেখানে মশাল হাতে বিভিন্ন স্লোগান দেন তারা।

Advertisement

অন্যদিকে কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কসহ কয়েকটি স্থানে মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার ফুকরা এলাকায় মহাসড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচলের সময় মিছিলকারীদের মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একই সময়ে টুঙ্গিপাড়ায়ও মশাল মিছিল বের করা হয়। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে জড়ো হন নেতাকর্মীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানেও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে লেক পার্ক ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচির পক্ষে নিজেদের অবস্থান জানান দেন।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।