logo

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক
রংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার। ছবি: এশিয়া পোস্ট

রংপুর মহানগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে পড়ে থাকা রশি দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী একাধিক হকার জানান, সকাল ৭টার দিকে চলন্ত একটি মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে ফেলে দুর্বৃত্তরা। এরপর তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনা এড়াতে বস্তুটি একটি বালতিতে পানির মধ্যে রাখা হয়।

Advertisement

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে বস্তুটি রেখে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেটি নিরাপত্তার আওতায় নিয়ে আসে। এ সময় এসআরবি-১৩-এর একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনও শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।